সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চুনতিতে হাতির করিডোরে সতর্কতামূলক সাইনবোর্ড, গতি কমানোর আহ্বান

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২৬ | ৬:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে বন্যহাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করেছে বন বিভাগ।

স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের কর্মীরা জানান, মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় সড়কের একটি বাঁক অতিক্রম করার পর দুটি নির্দিষ্ট পয়েন্ট দিয়ে নিয়মিত রাস্তা পার হয় বন্যহাতির পাল। গত এক সপ্তাহে একাধিকবার ওই এলাকায় হাতির উপস্থিতি দেখা গেছে। সন্ধ্যার পর হাতির চলাচল বেড়ে যাওয়ায় সড়ক ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এই পরিস্থিতিতে পথচারী ও যানবাহন চালকদের আগাম সতর্ক করতে দ্রুত এসব সাইনবোর্ড স্থাপনের পদক্ষেপ নেওয়া হয়।

চুনতি অভয়ারণ্যের বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার জানান, চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বন্যহাতির একটি গুরুত্বপূর্ণ আবাসস্থল এবং করিডোর। দেশে বন্যহাতি চলাচলের মোট ১২টি করিডোরের মধ্যে চুনতি-সাতগড় করিডোরটি ৯ নম্বরে অবস্থিত। মূলত মানুষের জীবন রক্ষা এবং বন্যপ্রাণীর স্বাভাবিক বিচরণ নিশ্চিত করতে সচেতনতার অংশ হিসেবে এই ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে।

ওই এলাকা অতিক্রমের সময় বাস, মোটরসাইকেল, অটোরিকশা ও সিএনজি চালকদের গতি কমিয়ে সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দিয়েছেন এই বন কর্মকর্তা। হাতি যেন আতঙ্কিত বা উত্তেজিত না হয়, সেজন্য বিশেষ করে সন্ধ্যা ও ভোররাতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো এবং তীব্র আলোর ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বন্যহাতি দেখলে উত্যক্ত করা বা কাছাকাছি যাওয়ার চেষ্টা না করার পরামর্শ দিয়ে বন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, উসকানি না পেলে সাধারণত হাতি মানুষের ওপর আক্রমণ করে না। তাই নিরাপদ দূরত্ব বজায় রেখে তাদের স্বাভাবিক চলাচলে সহযোগিতা করতে হবে।

বন বিভাগের এই সময়োপযোগী উদ্যোগ মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত কমিয়ে সহাবস্থান নিশ্চিত করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।