সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষায় আগ্রহী করার আহ্বান আ ন ম শামসুল ইসলামের

একুশে ডেস্ক | প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২৬ | ৮:৫৩ অপরাহ্ন


আদর্শিক ও নৈতিকতাসম্পন্ন নাগরিক গড়তে হলে তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষায় আগ্রহী করে তোলার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম। তিনি বলেছেন, মহান আল্লাহর প্রদত্ত ও মানবতার নবী মোহাম্মদ (স.) প্রদর্শিত জীবনব্যবস্থা পরিপূর্ণরূপে অনুসরণের মধ্য দিয়েই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবন কল্যাণময় হতে পারে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় প্রচারিত ‘কোরআনের সুর প্রতিভার সন্ধানে ২০২৬’ অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনকারী লোহাগাড়ার হাফেজ হুজাইফা বিন শিব্বিরের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতির লা-মেসা রেস্টুরেন্টে গত শনিবার রাতে ‘এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফ স্মৃতি সংসদ’-এর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

মাওলানা আ ন ম শামসুল ইসলাম আরও বলেন, পৃথিবীব্যাপী মানবরচিত সব মতবাদ ব্যর্থ প্রমাণিত হয়েছে। পবিত্র কোরআন হিফজ, অধ্যয়ন ও সেই অনুযায়ী জীবন গঠনের মাধ্যমে দুনিয়া ও আখিরাতে কল্যাণ এবং মুক্তির পথ সুগম হতে পারে।

হাফেজ মাওলানা শহিদুল মোস্তফার সভাপতিত্বে এবং এডভোকেট নাওশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এবং চট্টগ্রাম-১৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মৌলানা জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন পদুয়া আইনুল উলুম কামিল (এম এ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আ.ন নোমান। মাদ্রাসা পরিচালনা পর্ষদ ও আয়োজক কমিটির পক্ষে মূল বক্তব্য ও দাবিদাওয়া তুলে ধরেন বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের সেক্রেটারি হাফেজ মাওলানা আনোয়ারুল হক, মাওলানা খন্দকার মাহবুবুল হক, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. কাশেম কামাল, লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, রশিদের ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রহমান এবং আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ওসমান গণি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল কাদের, বাংলাদেশ মানবাধিকার কমিশন লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি অধ্যাপক হামিদুর রহমান, বিএনপি নেতা আব্দুল আলম, ব্যবসায়ী নুরুচ্ছফা, সাবেক ইউপি সদস্য মুফিজুর রহমান, প্রজন্ম লোহাগাড়ার সভাপতি মাস্টার ফারুখ এবং মাস্টার নাছির উদ্দীন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত হাফেজে কোরআন হুজাইফা বিন শিব্বিরের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে হুজাইফাকে একটি ওমরাহ ভিসা উপহার দেওয়া হয়। একই অনুষ্ঠানে হুজাইফার বাবা-মা এবং শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের পিতাকেও সম্মাননা স্মারক প্রদান করে আয়োজকরা।