সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিদ্যুতের সুইচ চালু করতে গিয়ে খামারির মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০২৬ | ১:৪২ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় নিজের মুরগির খামারে বিদ্যুতের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে পটিয়ার সীমান্তঘেঁষা করলডেঙ্গা আহলা দরবার শরীফ এলাকার নন্দী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ৩৫ বছর বয়সী রনি চৌধুরী ওই এলাকার বুলবুল চৌধুরীর ছেলে।

নিহত রনি চৌধুরীর প্রতিবেশী পরিমল দে ঘটনার বিবরণ দিয়ে জানান, রনি ছোট পরিসরে একটি মুরগির খামার পরিচালনা করতেন। মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো তিনি খামারে যান। একপর্যায়ে আবহাওয়া অন্ধকার হয়ে এলে তিনি বাতির সুইচ চালু করতে যান। তবে সুইচটি আগে থেকেই ত্রুটিপূর্ণ ও বিদ্যুতায়িত ছিল, যা তিনি বুঝতে পারেননি। সুইচে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যান। পটিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রনিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।