সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কয়েক ঘণ্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রামের নিচু এলাকা, দুর্ভোগে নগরবাসী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০২৬ | ২:১৬ অপরাহ্ন


দুপুরে হঠাৎ বৃষ্টি। আর তাতেই চট্টগ্রামের প্রবর্তক মোড়ে জমে যায় কোমর সমান পানি। জরুরি কাজে বের হওয়া পথচারীদের তখন চরম দুর্ভোগ। কেউ ঝুঁকি নিয়ে ঘোলা পানির মাঝ দিয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, আবার অনেক যানবাহন বিকল হয়ে মাঝরাস্তায় আটকে আছে। দ্রুত পানি নামার কোনো ব্যবস্থা না থাকায় মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে বন্দরনগরীর এমন দৃশ্য জনজীবনকে চরমভাবে বিপর্যস্ত করে তুলেছে।

টানা কয়েক ঘণ্টার এই বৃষ্টিতে নগরীর বিভিন্ন নিচু এলাকা পানির নিচে তলিয়ে গিয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

প্রবর্তক মোড়ের পাশাপাশি চকবাজার, রহমতগঞ্জ ও মুরাদপুরসহ নগরীর বেশ কয়েকটি নিচু এলাকায় এমন জলাবদ্ধতা দেখা গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমর সমান পানিতে ডুবে গেছে প্রধান সড়ক থেকে শুরু করে বাসাবাড়ির নিচতলা পর্যন্ত। ফলে বাসিন্দাদের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওইসব এলাকার সাধারণ মানুষদের।

আবহাওয়া পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম আমবাগান আবহাওয়া অফিসের ইনচার্জ বিজন রায় জানান, সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায়ও এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে, পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামী চারদিন মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টির কারণে চট্টগ্রামে জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেছেন বিশ্বজিৎ চৌধুরী। একই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।