
‘সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির আয়োজনে মঙ্গলবার (২৮ এপ্রিল) এসব কর্মসূচি পালিত হয়।
সকাল ১১টায় চকরিয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (চৌকি আদালত) চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া সহকারী জজ আদালতের বিচারক ও সিনিয়র সিভিল জজ মো. আবদুর রহমান। শোভাযাত্রাটি চকরিয়া উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এডভোকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে চকরিয়া উপজেলা এডভোকেট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এডভোকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এডভোকেট হাবিব উদ্দিন মিটু। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সিভিল জজ এবং চকরিয়া উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি মো. আবদুর রহমান।
এডভোকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চকরিয়া চৌকি আদালত লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব এডভোকেট জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নুর আলম মাছুম সিদ্দিকী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ইলিয়াছ আরিফ, এডভোকেট ওমর আলী, চকরিয়া উপজেলা এডভোকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি এডভোকেট ওমর ফারুক এবং সহসভাপতি এডভোকেট সাইদুর রহমান জিকু। এছাড়াও অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, আইনজীবী, আইনজীবী সহকারী, বিভিন্ন পেশাজীবী ও নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সিভিল জজ মো. আবদুর রহমান জানান, আর্থিকভাবে অসচ্ছল, অক্ষম ও নির্যাতিত বিচারপ্রার্থী জনগণের জন্য বাংলাদেশ সরকার লিগ্যাল এইড অধিদপ্তরের মাধ্যমে সম্পূর্ণ সরকারি খরচে আইনি সেবা নিশ্চিত করছে। এই কার্যক্রমের আওতায় ভুক্তভোগীদের দেওয়ানি, ফৌজদারি ও পারিবারিক মামলা পরিচালনার জন্য বিনামূল্যে আইনজীবী নিয়োগ, মামলার খরচ এবং যাবতীয় পরামর্শ দেওয়া হয়ে থাকে।
তিনি আরও বলেন, এই ধারাবাহিকতায় চকরিয়া লিগ্যাল এইড কমিটি সরকারি খরচে হতদরিদ্র বিচারপ্রার্থীর আইনি সেবা নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করবে। লিগ্যাল এইড কমিটির পাশাপাশি চকরিয়া এডভোকেট অ্যাসোসিয়েশনের সকল আইনজীবীকে মানবিক মূল্যবোধ থেকে গরিব, অসহায় ও নির্যাতিত বিচারপ্রার্থীর পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সম্ভব হলে বিনা খরচে আইনি সেবা দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনেরও অনুরোধ করেন মো. আবদুর রহমান। তিনি স্মরণ করিয়ে দেন, সবাই নিজেদের অবস্থান থেকে একটু আন্তরিক ও সহানুভূতিশীল হলে সমাজের অবহেলিত জনগোষ্ঠী অনেক বেশি উপকৃত হবে।