সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে: নিহত ৩ জনের পরিচয় মিলেছে, আহত ৫

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০২৬ | ৭:৪৯ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে নিহত দুই বৌদ্ধ ভিক্ষুসহ তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলার রুখই চৌধুরী পাড়ার বাসিন্দা ও য়ংড বৌদ্ধ বিহারের গাড়িচালক লাব্রে মারমা (৩৪), খাগড়াছড়ির মাটিরাঙ্গার চৌধুরীঘাটের উয়াসু বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত আগ্গাধেইমা ভিক্ষু (২৭) এবং খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত উসারা ভিক্ষু গৃহীনাম খ্যচিং মারমা (২৪)।

দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন পানছড়ি চৌধুরীপাড়ার অগ্রমেধ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দাসারা ভিক্ষু, ভাইবোনছড়া ৮ নম্বর প্রকল্পের অধ্যক্ষ ভদন্ত সুমিত্তা ভিক্ষু, গর্জনটিলা বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত নাইন্দিয়া ভিক্ষু, চিংপ্রো মারমা এবং চাতৈয় প্রো।

আহতদের বরাতে পুলিশ জানায়, গত রোববার পাঁচজন বৌদ্ধ ভিক্ষুসহ মোট আটজন একটি মাইক্রোবাসে করে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি এলাকায় ধর্মীয় সফরে যান। সফর শেষে কক্সবাজার হয়ে মঙ্গলবার খাগড়াছড়ি ফেরার পথে চুনতি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং পরে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় ও বাকিরা গুরুতর আহত হন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মোবাশ্বেরুল আলম রাজীব জানান, আহত পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রহুল আমিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।