সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় নিরাপদ ফসল উৎপাদনে জৈব বালাইনাশক ব্যবহারের তাগিদ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৮ এপ্রিল ২০২৬ | ৭:৫০ অপরাহ্ন


জনস্বাস্থ্যের সুরক্ষায় বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদনে কৃষকদের পরিবেশবান্ধব জৈব বালাইনাশক ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) কক্সবাজারের চকরিয়ায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এক কর্মশালায় এ বিষয়ে জোর দেন বক্তারা।

দুপুর ১২টায় চকরিয়া উপজেলা সদরের সাম্পান রেস্টুরেন্ট মিলনায়তনে মডেল কৃষক ও বীজ ব্যবসায়ীদের নিয়ে ‘টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায়: বায়োপেস্টিসাইডের ব্যবহার’ শীর্ষক দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আধুনিক কৃষি ব্যবস্থাপনা নিয়ে গবেষণাধর্মী বক্তব্য দেন চকরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইশরাত জাহান সুইটি।

প্রধান অতিথির বক্তব্যে ইশরাত জাহান সুইটি জানান, জৈব বালাইনাশক একটি পরিবেশবান্ধব উপাদান, যা উদ্ভিদ বা অণুজীবের মতো প্রাকৃতিক উৎস থেকে তৈরি হয়। এটি ফসলের ক্ষতিকর পোকা ও রোগ দমনে ব্যবহৃত হলেও উপকারী পোকার কোনো ক্ষতি করে না। তিনি আরও জানান, বিষমুক্ত ও নিরাপদ ফসল উৎপাদনে সহায়ক এই বালাইনাশক জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মানুষের মৃত্যুঝুঁকি কমাতেও ভূমিকা রাখে। তাই তিনি উপস্থিত কৃষকদের নিরাপদ সবজি উৎপাদন বাড়াতে পরিবেশবান্ধব জৈব বালাইনাশক ব্যবহারের আহ্বান জানান।

কর্মশালায় টেকসই আধুনিক কৃষি বাস্তবায়নে উচ্চফলনশীল হাইব্রিড জাতের বীজ রোপণ এবং চাষের পরিচর্যা কৌশল নিয়ে প্রশিক্ষণ দেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ চট্টগ্রামের রিজিওনাল সেলস ম্যানেজার মো. সোহেল সিকদার। এছাড়া কোম্পানির ঢাকা হেড অফিসের পিডিএস ম্যানেজার সৈয়দ আরভিন হাসান কৃষকের ফসলের খেতের নানা সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিশদ আলোচনা করেন।

ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের চকরিয়া উপজেলা টেরিটরি অফিসার কৃষিবিদ ঝন্টু রঞ্জন সুশীলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মশালায় কোম্পানির মনিটরিং অফিসার রবিনুর রহমান রানা ও পিডিএস অফিসার সুব্রত চৌধুরী উপস্থিত ছিলেন। এতে চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মডেল কৃষক ও বীজ ব্যবসায়ীসহ মোট ৪০ জন অংশ নেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী মডেল কৃষকদের মাঝে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর সৌজন্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক উপকরণ বিতরণ করা হয়।