
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সবজি কেনার সময় সীমানা প্রাচীর ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পুলিশ বিট সংলগ্ন আহসানিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম ওই এলাকার বাসিন্দা ফজল আহমেদের স্ত্রী।
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল্লাহ জানান, ধসে পড়া দেয়ালটি একটি খালি জায়গার সীমানা প্রাচীর ছিল। নিজ বাড়ির কাছে একটি রিকশাভ্যান থেকে সবজি কিনছিলেন দেলোয়ারা বেগম। এ সময় হঠাৎ দেয়াল ধসে পড়লে তিনি ওই দেয়ালের নিচে চাপা পড়েন।
নিহত দেলোয়ারা বেগমের ছেলে মো. জাবেদ অভিযোগ করে বলেন, দেয়ালটি মূলত হামিদ চৌধুরী, সেলিম ও হুমায়ন নামের তিন ব্যক্তির জায়গার সীমানা প্রাচীর। কয়েক বছর আগে প্রাচীরটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এর একাংশ আগে থেকেই বাঁকা হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। মো. জাবেদ আরও জানান, তারা বেশ কয়েকবার ওই তিনজনকে দেয়ালটি ভেঙে নতুন করে নির্মাণ করার অনুরোধ করেছিলেন, কিন্তু হামিদ চৌধুরী, সেলিম ও হুমায়ন কেউই সেই কথায় কর্ণপাত করেননি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম আশেক জানান, বিকেল ৪টার দিকে গুরুতর আহত অবস্থায় দেলোয়ারা বেগমকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই দেলোয়ারা বেগমের মৃত্যু হয়।