সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

কৃষক বাঁচলে দেশ বাঁচবে: এমপি শাহজাহান চৌধুরী

সাতকানিয়া ও লোহাগাড়ায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০২৬ | ৭:১২ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে উফশী আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ এবং দুপুর সাড়ে ১২টায় লোহাগাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জানান, কৃষকই এ দেশের মেরুদণ্ড। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষি এগোলে বাংলাদেশ এগোবে। উন্নত বীজ ও সঠিক সার ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে দেশের খাদ্যভাণ্ডার আরও সমৃদ্ধ করতে হবে।

শাহজাহান চৌধুরী আরও বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে। দেশের প্রতিটি ইঞ্চি জমি আবাদে এনে কৃষিকে আরও শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ করাই আমাদের লক্ষ্য।

লোহাগাড়ায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। সেখানে বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম। অন্যদিকে সাতকানিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান এবং সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তাসহ বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে উন্নতমানের উফশী আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়।

কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, এ সহায়তা তাদের উৎপাদন ব্যয় কমাবে এবং আবাদে আরও উৎসাহিত করবে।