
চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশন নালা সারা বছর সচল রাখা, জলাবদ্ধতা নিরসন এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের সমন্বয় জোরদারে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কমিটি গঠন করা হয়েছে।
কমিটির আহ্বায়ক করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে। সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্রিগেড কমান্ডার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), চট্টগ্রামের জেলা প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক), সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল)।
এ ছাড়া কমিটিতে আছেন সিটি কর্পোরেশনের সচিব, প্রধান প্রকৌশলী ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা; চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চীফ হাইড্রোগ্রাফার; বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (চট্টগ্রাম) অতিরিক্ত প্রধান প্রকৌশলী; চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক; এবং কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক।
কমিটিতে আরও রয়েছেন চট্টগ্রাম পানি উন্নয়ন বিভাগের ‘চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা/জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন প্রকল্প’-এর প্রকল্প পরিচালক এবং সিটি কর্পোরেশনের খাল ও জলাবদ্ধতা বিশেষজ্ঞ শাহরিয়ার খালেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি চট্টগ্রাম মহানগরীর খাল ও পানি নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় করবে। একই সঙ্গে জলাবদ্ধতা নিরসনসহ জনস্বার্থ-সংশ্লিষ্ট উন্নয়ন ও সেবামূলক কাজের অগ্রগতি তদারকি করবে।
কমিটি প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা ও সমন্বয় করবে। পাশাপাশি জনস্বার্থে সরকারকে প্রয়োজনীয় সুপারিশ দেওয়া এবং প্রয়োজনে বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রতিনিধিকে কো-অপ্ট করার ক্ষমতাও থাকবে কমিটির।