সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে দিনমজুরের মৃত্যু

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩০ এপ্রিল ২০২৬ | ৮:৫৬ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্য হাতির আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আজিজুল হক (৫৫) নামের ওই ব্যক্তি মারা যান।

নিহত আজিজুল হক সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আছারতলী মোহাম্মদপুর নতুন পাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত সাচি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার রাত ১১টার দিকে হঠাৎ একটি বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়ে। হাতির উপস্থিতির খবর পেয়ে উৎসুক জনতা ঘটনাস্থলে ভিড় করলে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় হাতির আক্রমণে আজিজুল হক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন জানান, রাতে হঠাৎ বন্য হাতির পাল লোকালয়ে ঢুকে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে থাকা লোকজনের মধ্যে আজিজুল হক হাতির আক্রমণে গুরুতর আহত হন।

তিনি বলেন, “স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু দুঃখজনকভাবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।”