
চট্টগ্রামের পটিয়ায় কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা এলাকায় কয়েক মিনিটের এ মিছিল করে দ্রুত সরে যান তারা।
মিছিলে গত বছরের আন্দোলনের সময় পটিয়ায় ছাত্রদের ওপর হামলাকারী কয়েকজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, জুমার নামাজের পর কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তি এবং ক্ষমতাসীন বিএনপি সরকারের ‘ব্যর্থতার’ বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে মিছিলটি বের করা হয়। ব্যানারেও সরকারবিরোধী স্লোগান লেখা ছিল।
মোহাম্মদ জাহেদ নামের ছাত্রলীগের এক নেতার আইডি থেকে মিছিলটি সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিওতে দেখা যায়, গত বছরের আন্দোলনের সময় পটিয়ায় ছাত্রদের ওপর হামলাকারী কয়েকজন মিছিলে অংশ নিয়েছেন।
এক থেকে দেড় মিনিটের মিছিল শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, মিছিলের বিষয়টি জানা গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।