
‘যুদ্ধ নয়, শান্তি চাই’—এ আহ্বান শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না রেখে ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা-২৫৭০ বুদ্ধবর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে নগরের নন্দন কানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মেয়র বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এই ঐতিহ্য সমুন্নত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
বিশ্বব্যাপী যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে গৌতম বুদ্ধের শান্তির বাণী এখন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।
মেয়র বলেন, “বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়।”
‘যুদ্ধ নয় শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি’ প্রতিপাদ্যে এর আগে নন্দন কানন বৌদ্ধ মন্দির সংলগ্ন ডিসি হিল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব ও বাংলাদেশ বৌদ্ধ সমিতি-মহিলার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রাথমিক জেলা শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া, প্রকৌশলী অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া বাপ্পি, কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া ও রুপ্তা বড়ুয়াসহ বৌদ্ধ ধর্মীয় নেতা এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বিশ্ব শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।