সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ মে ২০২৬ | ১১:৩২ অপরাহ্ন

কক্সবাজারের চকরিয়ায় নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে নিয়ে গিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাকারা ইউনিয়নের মিনিবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবারের অভিযোগ, কাকারা মিনিবাজার এলাকার বাসিন্দা কামাল উদ্দিন (৫৬) নামের এক ব্যক্তি নাস্তা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে বাড়ির পাশে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে।

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে এলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ভিকটিমের মা জানান, অভিযুক্ত ব্যক্তি পূর্বপরিচিত হওয়ায় নাস্তার প্রলোভনে শিশুটি তার কাছে যায়। অভিযুক্ত কামাল উদ্দিনের ফাঁসির দাবি জানিয়েছেন তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুর শারীরিক অবস্থা পুলিশের নজরদারিতে রয়েছে।

তিনি বলেন, “পুলিশ ফোর্স নিয়ে আমরা ঘটনাস্থলে আছি। ঘটনাটির তদন্ত চলছে। সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করা হবে।”

অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।