
গেল ঈদুল ফিতরের সময় সরকারের পরিকল্পিত পদক্ষেপের কারণে কোনো শ্রমিককে ন্যায্য পাওনা আদায়ের জন্য রাজপথে নামতে হয়নি বলে মন্তব্য করেছেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
শুক্রবার পটিয়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে কলেজগেইটস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনামুল হক বলেন, “ঈদের আগেই শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা বুঝে পেয়েছে। কোনো শ্রমিক তার অধিকার থেকে বঞ্চিত হয়নি।”
তার ভাষ্য, “সরকার চেষ্টা করেছে মালিক-শ্রমিকদের মধ্যে ন্যায্য পাওনা নিয়ে যাতে কোনো অসুবিধা না হয়। কোনো লুটেরা আর শ্রমিকদের অধিকার নিয়ে খেলতে পারবে না।”
তেল নিয়ে একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছিল বলেও মন্তব্য করেন এ সংসদ সদস্য।
তিনি বলেন, “সরকার তেল নিয়ে কারসাজির সুযোগ না দেওয়ায় তারা তা পারেনি। বর্তমানে তেল নিয়ে কোনো সংকট নেই।”
শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এবং আবু নোমান চৌধুরী লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম।
বক্তব্য দেন শফিকুল আলম চেয়ারম্যান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, বিএনপি নেতা মো. সাইফুদ্দীন, জসিম উদ্দীন, দিদারুল আলম, আবুল বশর, যুবদলের সাবেক আহ্বায়ক ইয়াছির আরাফাত, সাবেক সদস্য সচিব ওয়াহিদুল আলম পিপলু এবং যুবদল নেতা মোহাম্মদ ইসমাঈল হোসেন।