সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চট্টগ্রামে ৩ হাজার ইয়াবাসহ এনসিপি কর্মী গ্রেপ্তার

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ মে ২০২৬ | ১২:৪৯ পূর্বাহ্ন


চট্টগ্রাম নগরে ৩ হাজার পিস ইয়াবাসহ মো. আরিফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আরিফুল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে যুক্ত।

শনিবার নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকার শেরশাহ উত্তর বাংলা বাজারে শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আরিফুল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত।

এ বিষয়ে জুবাইরুল আলম মানিক বলেন, “এক সময় সে আমাদের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করত। তবে পরবর্তী সময়ে সে তেমনভাবে রাজনীতিতে সক্রিয় ছিল না এবং তার কোনো দলীয় পদপদবি নেই।”

ডিবি কর্মকর্তারা জানান, গ্রেপ্তারের সময় আরিফুলের কাছ থেকে ৩ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, কক্সবাজারের বিভিন্ন উৎস থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে এনে বিক্রি করতেন।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, “গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।”