সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

‘গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা সবার দায়িত্ব’

চট্টগ্রাম প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩ মে ২০২৬ | ৭:২৮ অপরাহ্ন


চট্টগ্রাম প্রেসক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৬ পালিত হয়েছে।

রোববার দুপুরে প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সভাপতির বক্তব্যে প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, “স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম ভিত্তি। প্রযুক্তির অগ্রগতিতে তথ্যপ্রবাহ দ্রুততর হলেও ভুয়া খবরের বিস্তারও বেড়েছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্ববোধ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।”

তিনি বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; বরং সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত দায়িত্ব।”

বক্তারা বলেন, গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি মুক্ত ও শক্তিশালী গণমাধ্যমই স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্নত রাষ্ট্র গঠনে সহায়ক।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সদস্য সিরাজুল করিম মানিক, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, নির্বাহী সদস্য আরিচ আহমেদ শাহ, কর্ণফুলী পত্রিকার বার্তা সম্পাদক জামাল উদ্দিন হাওলাদার, পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ হোসাইন, নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক কামরুল হুদা, পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মুন্না, রিদুয়ান সিদ্দিকী, সাঙ্গু পত্রিকার স্টাফ রিপোর্টার মো. নজরুল ইসলাম এবং রূপালী বাংলাদেশের সিনিয়র রিপোর্টার মো. শাহাবুদ্দীন।