সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় নির্মাণকাজে পড়ে ছাত্রদল কর্মীর মৃত্যু

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ মে ২০২৬ | ৯:৫০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় মই থেকে পড়ে ছাত্রদল কর্মী শহিদুল ইসলাম রাফিজের (১৮) মৃত্যু হয়েছে।

রোববার বিকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের পাশে একটি নির্মাণাধীন ভবনে রংমিস্ত্রীর সহযোগী হিসেবে কাজ করার সময় ৯ ফুট উঁচু থেকে নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

রাফিজ উপজেলার খরনা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালারখীল গ্রামের প্রবাসী জসিম উদ্দীনের একমাত্র পুত্র।

কাজের কন্ট্রাক্টর মো. শহীদ জানান, সকাল থেকে ভবনে রংয়ের কাজ করার এক পর্যায়ে মই থেকে পড়ে যায় রাফিজ। পরে তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পটিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রূপা বড়ুয়া জানান, হাসপাতালে আনার আগেই রাফিজের মৃত্যু হয়েছিল।

রাফিজের মামা জহিরুল ইসলাম জানান, দশম শ্রেণি পর্যন্ত পড়ার পর পড়াশোনা বন্ধ হয়ে যায় তার। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল। সে যে রংমিস্ত্রির কাজ করত, পরিবারও বিষয়টি ভালোভাবে জানত না।

পটিয়া উপজেলা খরনা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও বিএনপি নেতা আবদুল করিম জানান, রাফিজ ছাত্রদলের কর্মী ছিল এবং নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।