
চট্টগ্রামের রাউজানে এক ছাত্রকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া আশেকানে মোস্তফা (স.) হেফজখানা ও এতিমখানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিক্ষকের নাম মো. ইদ্রিস আলী (৪০)। তার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী এলাকায়।
ভুক্তভোগী ছাত্রের অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে বলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৬ এপ্রিল মাদ্রাসা ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। তবে শুরুতে ভয়ে ওই ছাত্র বিষয়টি সবার কাছে গোপন রাখে।
পরবর্তীতে বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে পুরো ঘটনা খুলে বলে সে। এরপর সোমবার থানায় এসে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন তারা।
পুলিশ সূত্র জানায়, মাদ্রাসার হেফজ শাখার ওই ছাত্রটি প্রায় বছরখানেক ধরে ইদ্রিস আলীর কাছে পড়াশোনা করছে। ঘটনার দিন রাতে তাকে নিজের কক্ষে ডেকে নিয়ে ইদ্রিস আলী যৌন হয়রানি করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় সোমবারই রাউজান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি সাজেদুল ইসলাম।