
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ধান কাটার সময় ক্ষেতে একটি বিশাল বার্মিজ অজগর পাওয়া গেছে। পরে বন বিভাগের কর্মীরা সাপটি উদ্ধার করে বনে অবমুক্ত করেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাঁশখালীয়া পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে শ্রমিকরা ক্ষেতে ধান কাটছিলেন। হঠাৎ সাপটি দেখতে পেয়ে তারা ভয় পেয়ে যান এবং কাজ বন্ধ করে দেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সচেতন কয়েকজনের উদ্যোগে বিষয়টি চুনতি বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি নিরাপদে উদ্ধার করে।
চুনতি অভয়ারণ্য বিট কর্মকর্তা চঞ্চল কুমার তরফদার বলেন, কৃষকরা ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ অজগরটি দেখতে পান। দ্রুত খবর পেয়ে আমাদের দল সেখানে যায় এবং সাপটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া সাপটির বয়স তিন বছরের কাছাকাছি এবং ওজন আনুমানিক ২০ কেজি বলে জানান চঞ্চল কুমার তরফদার।
তিনি আরও জানান, খাদ্যের সন্ধানে বিশেষ করে ইঁদুর খেতে সাপটি ধানক্ষেতে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। পরে অজগরটিকে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়েছে।
এ ধরনের সাপ সাধারণত মানুষের কোনো ক্ষতি করে না বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। লোকালয়ে বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।