সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

নিখোঁজের একদিন পর সাতকানিয়ায় রিকশাচালকের লাশ মিলল খালে

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ মে ২০২৬ | ৭:১৫ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় একটি খাল থেকে আবুল কালাম (৫০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকায় এনবিএল ইটভাটা-সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পেশায় রিকশাচালক নিহত আবুল কালাম তিন সন্তানের জনক ছিলেন। তিনি উপজেলার কালিয়াশ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ পিয়দারপাড়া এলাকার বাসিন্দা হামিদ বকসুর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর থেকে আবুল কালাম নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যদের দেওয়া তথ্যমতে, ওই দিন তিনি এনবিএল ইটভাটা এলাকায় জ্বালানি তেল পৌঁছে দিতে গিয়েছিলেন।

নিহতের বড় ভাই আবুল কাসেম জানান, সোমবার থেকে ভাইকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তারা কোনো সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে তারা জানতে পারেন, এনবিএল ইটভাটা এলাকায় একটি রিকশা পড়ে আছে। খবর পেয়ে স্বজনেরা সেখানে গিয়ে খোঁজ শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের খালে তারা আবুল কালামের মরদেহ দেখতে পান।

স্বজনদের দাবি, মরদেহের পাশে একটি শার্ট, গেঞ্জি, লুঙ্গি ও দুই জোড়া জুতা পড়ে থাকতে দেখা গেছে।

সকালে খাল থেকে মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।