সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পেকুয়ায় সালিসি বৈঠক থেকে ফেরার পথে মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ মে ২০২৬ | ১২:১১ পূর্বাহ্ন


কক্সবাজারের পেকুয়ায় ইউনিয়ন পরিষদের সালিসি বৈঠক থেকে ফেরার পথে বেলাল উদ্দিন (৫০) নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বাইম্যাখালী মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত বেলাল উদ্দিন ওই এলাকার মিয়াপাড়া গ্রামের শহীদুল ইসলামের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী বেলাল উদ্দিন অভিযোগ করেন, পূর্ব বাইম্যাখালী এলাকার দুধুমিয়ার ছেলে সাইদুল, আবু হানিফ, মনিয়া, কালুর ছেলে খাইরুল এবং আহমদ হোসেনের ছেলে ইসমাইলসহ ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত মিলে এই হামলা চালিয়েছে।

ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে এই ব্যবসায়ী জানান, এলাকায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিচারের জন্য ইউনিয়ন পরিষদে বৈঠক ডাকা হয়েছিল। স্থানীয় বাসিন্দা হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় তিনি ওই বৈঠকে যোগ দিতে যান।

কিন্তু শেষ পর্যন্ত বৈঠকটি না হওয়ায় তিনি সেখান থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ওই বখাটেরা তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

হামলার সময় বেলাল উদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

হামলার পাশাপাশি দুর্বৃত্তরা তার পকেটে থাকা নগদ ৩০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলেও দাবি করেন আহত বেলাল উদ্দিন। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, মাছ ব্যবসায়ীর ওপর হামলার ঘটনাটি তিনি শুনেছেন।

ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা ইমরুল হাসান।