সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পটিয়ায় ব্যবসায়ী কাশেম হত্যা: আসামি তাহের ২ দিনের রিমান্ডে

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ মে ২০২৬ | ১২:১৪ পূর্বাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় আলোচিত ব্যবসায়ী আবুল কাশেম হত্যা মামলার দ্বিতীয় আসামি আবু তাহেরকে (৪০) দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আত্মগোপনে থাকা আবু তাহেরকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়। তবে এই হত্যা মামলার প্রধান আসামি ইকবাল এখনো পলাতক রয়েছেন বলে আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বসতবাড়ির জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী আবুল কাশেমসহ তিন ভাইকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ।

এই ঘটনার ছয় দিন পর গত ২০ এপ্রিল চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবুল কাশেম।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল জানান, তারা মামলাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছেন।

তিনি বলেন, “হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আসামি আবু তাহেরকে বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনার অধিকতর তদন্তের স্বার্থে মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।”