
চট্টগ্রামের সাতকানিয়ায় চলমান উন্নয়ন কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারদের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
মঙ্গলবার দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই তাগিদ দেন।
উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম, সাবেক আমীর এম ওয়াজেদ আলী এবং সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বাবরসহ বিভিন্ন ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছিল।
অন্তর্বর্তীকালীন সরকারের পর বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এলাকার উন্নয়নে তারা যথেষ্ট সচেষ্ট রয়েছেন বলে জানান তিনি।
সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে বিভিন্ন রাস্তাঘাট দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করার ওপর জোর দেন এই সংসদ সদস্য।
তিনি বলেন, ইতিমধ্যে অনেক সড়কের উন্নয়ন কাজ শুরু হলেও দীর্ঘদিনেও তা শেষ হয়নি। ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তাই এসব সংস্কার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি কড়া নির্দেশনা দেন তিনি।
সরকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে বলে জানান শাহজাহান চৌধুরী।
এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্ট ঠিকাদারদের সতর্ক করেন তিনি।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারাও চলমান উন্নয়ন কাজগুলো দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্ব আরোপ করেন। এ সময় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করা হয়।
পরে ওই মতবিনিময় সভা থেকে প্রকল্প বাস্তবায়নের গতি বাড়াতে প্রয়োজনীয় নানা দিকনির্দেশনা দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।