
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে লোহাগাড়া সদর ইউনিয়নের মোহাম্মদ আলী মুন্সিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
জরিমানার মুখে পড়া প্রতিষ্ঠানটির নাম ‘ক্লাসিকাল সুইটস’। এই কারখানার মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী একই এলাকার বাসিন্দা আকতার কামাল চৌধুরীর ছেলে।
অভিযান পরিচালনাকারী দল সূত্রে জানা যায়, ওই কারখানায় খোলা অবস্থায় মিষ্টি সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ডালডা ও রসমালাই রাখা এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষা করে উৎপাদন কার্যক্রম পরিচালনার প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় কারখানার মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে লোহাগাড়ার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী জানান, আগের দিন তারা কারখানাটি পরিদর্শন করে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশনা দিয়েছিলেন।
কিন্তু বুধবার পুনরায় সেখানে পরিদর্শনে গেলে পরিবেশের অবনতি ও বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই জরিমানা আরোপ করা হয় বলে মোহাম্মদ শের আলী নিশ্চিত করেছেন।
অভিযান শেষে ওই ব্যবসায়ীকে ভবিষ্যতে সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত পরিবেশে মিষ্টি উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়।