সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে দল থেকে বহিষ্কার, পটিয়ায় এমপির হুঁশিয়ারি

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ মে ২০২৬ | ১০:৩৬ পূর্বাহ্ন


আওয়ামী লীগকে লুটপাটের বংশ আখ্যা দিয়ে দলের কেউ দলটিকে পুনর্বাসনের সঙ্গে জড়িত থাকলে তাকে সরাসরি বহিষ্কার করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

পটিয়ায় নিষিদ্ধ সংগঠনের কেউ মিটিং-মিছিল করলে তাদের ঘর থেকে বের করে আনা হবে বলেও সতর্ক করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “থাকেন, কিন্তু আমাদের খোঁচাবেন না। খোঁচালে খবর আছে।”

বুধবার রাতে পটিয়ার জিরি কৈয়গ্রামস্থ নিজ বাড়িতে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, প্রশাসনের মধ্যেও আওয়ামী লীগের লোকজন রয়েছে। প্রশাসনের কেউ যদি অন্যায় ও অনৈতিক কাজ করে, তবে তাদের চিহ্নিত করা হবে। যারা আওয়ামী লীগের দালালি করতে চায় এবং তাদের হয়ে কাজ করতে চায়, তাদের চিহ্নিত করা হচ্ছে বলে তিনি জানান।

এনামুল হক এনাম বলেন, জনগণ বিএনপির ওপর আস্থা রেখেই সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছেন। এ কারণে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের মৌলিক অধিকার ও স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করার পাশাপাশি জনগণকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে সমাজে শান্তি প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার নির্দেশ দেন এই নেতা।

পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগরের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ।

এ ছাড়া সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দীন আহমেদ, হাজী কামাল উদ্দিন, মোজাম্মেল হক চৌধুরী ও হাজী আবুল বশর।

উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম ও আবদুল মাবুদ, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোর্শেদুল শফি হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ এবং দক্ষিণ জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন।

পাশাপাশি পটিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবাইদুল হক রিকু ও সাবেক সদস্য সচিব মো. জাহেদ সভায় তাদের মতামত তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য দেন পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সাবেক সদস্য সচিব আবদুল কাদের, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন এবং রেজাউল করিম মিজান।

মতবিনিময় সভায় পটিয়া উপজেলার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং পটিয়া উপজেলা বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সভায় দলীয় কর্মকাণ্ড ধারাবাহিক রাখতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। এ ছাড়া কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আগামী ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।