সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিএসটিআই সনদ ছাড়া পানি উৎপাদন: লোহাগাড়ায় ওয়াটার প্লান্ট বন্ধ, জরিমানা

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ মে ২০২৬ | ৬:০০ অপরাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএসটিআই সনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাত করার অভিযোগে একটি ড্রিংকিং ওয়াটার প্লান্টে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে ২০ হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা এনএসআই, চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।

জানা গেছে, উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়াস্থ দারুল উলুম মোহাম্মাদিয়া নুরানি মাদ্রাসার তিনটি কক্ষে ‘লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার’ নামের ওই প্লান্টটি পরিচালিত হচ্ছিল। অভিযানে সেখানে নানা অনিয়মের প্রমাণ পান ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্টরা জানান, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের কোনো বৈধ সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধকরণ এবং বাজারজাত করে আসছিল। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় প্রতিষ্ঠানটির সেলসম্যান মো. রিদুয়ানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়।

গোপন সূত্রে জানা গেছে, এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লোহাগাড়া উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক-বীমা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, হোটেল ও রেস্টুরেন্টে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এই পানি জারে করে সরবরাহ করে আসছিল।

এই অভিযানকালে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।