সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রথমে ডাকাডাকি, টিন কেটে ঘরে প্রবেশের পর দেখা গেল রুবেল আর নেই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ মে ২০২৬ | ৬:০৭ অপরাহ্ন


আফ্রিকার দেশ মোজাম্বিকে বসবাসরত চট্টগ্রামের বাঁশখালীর এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ওই প্রবাসীর নাম মোহাম্মদ রুবেল। তিনি বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার বাসিন্দা জাকের হোসেনের বড় ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় ও প্রবাসী সূত্রে জানা যায়, মোহাম্মদ রুবেল মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশের মুরুমবালা জেলায় বসবাস করতেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সহকর্মী ও অন্য প্রবাসীদের বরাত দিয়ে জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মতো ঘুমাতে যান তিনি। কিন্তু বৃহস্পতিবার সকালে দীর্ঘ সময় পার হলেও তিনি ঘুম থেকে না ওঠায় পাশের বাসায় থাকা এক বাংলাদেশি তাকে ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে একপর্যায়ে টিন কেটে ঘরে প্রবেশ করেন তারা। সেখানে মোহাম্মদ রুবেলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রবাসীরা।

পরে দ্রুত তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য কিলিমান শহরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১০ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ রুবেল পরিবারের মুখে হাসি ফোটাতে দীর্ঘ ৭ বছর আগে মোজাম্বিকে পাড়ি জমিয়েছিলেন।

দীর্ঘ প্রবাসজীবনের পর তরুণ এই রেমিট্যান্স যোদ্ধার এমন আকস্মিক মৃত্যুর খবরে তার পরিবার, স্বজন ও এলাকার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।