সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

একুশে পত্রিকায় সংবাদ: অবৈধ সেতু সরানোর আদেশ, জরিমানা ২৫ হাজার

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ মে ২০২৬ | ৮:৫৬ অপরাহ্ন


বোয়ালখালীতে সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল কেটে অবৈধ সেতু নির্মাণের ঘটনায় অবশেষে কঠোর অবস্থান নিল প্রশাসন। আজ বৃহস্পতিবার (৭ মে) একুশে পত্রিকায় সওজের গাইড ওয়াল কেটে প্রবাসীর সেতু শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বোয়ালখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

অভিযানে দুবাই প্রবাসী মো. জাহাঙ্গীর আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে সেতুর সব স্থাপনা সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার হাওলা ডিসি সড়কের পাশে ছন্দারিয়া খালের ওপর সওজের কংক্রিটের গাইড ওয়াল কেটে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে এই অবৈধ সেতু নির্মাণ করছিলেন মো. জাহাঙ্গীর আলম। তাঁর পরিকল্পনা ছিল অলিবেকারি মোড় থেকে জোট পুকুর পাড় পর্যন্ত কৃষি জমিতে আবাসিক প্লট বা বাণিজ্যিক ভবন নির্মাণ করবেন এবং সেই জমিতে যানবাহন প্রবেশের জন্যই খালের ওপর এই সেতু তৈরি করছিলেন তিনি।

এর আগে সওজের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজ বন্ধ রাখতে বললেও রাতের আঁধারে নির্মাণ চালিয়ে যান জাহাঙ্গীর আলম।

একুশে পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে, এটি ইতিবাচক। তবে ৭ দিনের মধ্যে স্থাপনা সরানোর আদেশ বাস্তবায়ন হয় কি না এবং ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত গাইড ওয়াল কবে মেরামত করা হবে, সেটি এখন দেখার বিষয়।

স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুম আসার আগেই গাইড ওয়াল পুনরুদ্ধার না হলে উপজেলার প্রধান সড়কটি খালের ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে।