সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

লামার বনভূমি থেকে উদ্ধার মায়া হরিণ ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ মে ২০২৬ | ৯:৩৪ অপরাহ্ন


বান্দরবানের লামা পৌরসভার মধুঝিরি এলাকার বনভূমি থেকে উদ্ধার হওয়া একটি মায়া হরিণ কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে লামা বন বিভাগের কয়েকজন বনকর্মী হরিণটি নিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে পৌঁছান। পরে তারা সাফারি পার্কের রেঞ্জ অফিসার মো. মনজুরুল আলমের কাছে হরিণটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বিষয়টি নিশ্চিত করে ডুলাহাজারা সাফারি পার্কের রেঞ্জ অফিসার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. মনজুরুল আলম জানান, হস্তান্তর প্রক্রিয়ার পর মায়া হরিণটিকে তাৎক্ষণিকভাবে পার্কের নির্দিষ্ট হরিণ বেষ্টনীতে অবমুক্ত করা হয়েছে।

এর আগে গত বুধবার বিকেলে লামা বন বিভাগের বনকর্মীরা এক বিশেষ অভিযান চালিয়ে মধুঝিরি এলাকা থেকে এই মায়া হরিণটি উদ্ধার করেন।

স্থানীয় এলাকাবাসীর দেওয়া খবরের ভিত্তিতে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ওই এলাকায় হরিণ উদ্ধারে অভিযান পরিচালনা করেন লামা সদর রেঞ্জ কর্মকর্তা কবির হোসেন এবং স্পেশাল টিম প্রধান রনি পারভেজ।

বন বিভাগ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া মায়া হরিণটির ওজন প্রায় ১০ কেজি এবং বয়স আনুমানিক দেড় বছর। উদ্ধারের পর নিবিড় পর্যবেক্ষণের জন্য এটিকে প্রাথমিকভাবে বন বিভাগের নিজস্ব হেফাজতে রাখা হয়েছিল।

এ প্রসঙ্গে লামা সদর রেঞ্জ কর্মকর্তা কবির হোসেন জানান, বিভাগীয় বন কর্মকর্তার তাৎক্ষণিক নির্দেশে তারা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে জীবিত অবস্থায় হরিণটি উদ্ধার করতে সক্ষম হন। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে ওই হরিণটিকে ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করার জন্য প্রেরণ করা হয়েছিল।