
চট্টগ্রাম জেলার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন মো. মাসুদ আলম।
বুধবার তিনি এই দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন পুলিশ সুপারের যোগদান উপলক্ষে এদিন চট্টগ্রাম জেলা পুলিশ লাইনসে তাকে সম্মানসূচক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জসহ (ওসি) জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে মো. মাসুদ আলমকে ফুলেল শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, চট্টগ্রাম জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে তিনি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন।
পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন তিনি।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনে তিনি জেলার সব থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক বিভাগ, কোর্ট পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং বিশেষ শাখাসহ (ডিএসবি) বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।