
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার ঈদগাহ এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং আদর্শিক চেতনা শক্তিশালী করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঞ্চালনায় সম্মেলন শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মাওলানা আবুল কালাম আযাদ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা আমির নাজিম উদ্দীন ইমু উপস্থিত রুকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অধ্যাপক ড. আবদুল হামিদ চৌধুরী। তিনি তার বক্তব্যে বলেন, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তুলতে আদর্শভিত্তিক সংগঠনের কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক ফজলুল করিম, সহকারী অফিস সম্পাদক এজহারুল ইসলাম এবং জেলা মসজিদ মিশনের সভাপতি অধ্যাপক জাকির হোসেন।
একইসঙ্গে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইউছুপ বিন আবু বক্কর এবং চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতে ইসলামীর শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিনও সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে নিজেদের বক্তব্য তুলে ধরেন।
সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক রুকন অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।