সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

শিক্ষাব্যবস্থা ধ্বংসের চেষ্টা হয়েছিল বিগত সময়ে, পটিয়ায় হবে কারিগরি ইনস্টিটিউট: এমপি এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মে ২০২৬ | ৫:৪৭ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেছেন, বিগত সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজিয়ে এর গুণগত পরিবর্তনের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বর্তমান সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।
শনিবার দুপুরে পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য এনামুল হক এনাম আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের উদ্যোগ সত্যিই অত্যন্ত প্রশংসনীয়। আগামী প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের চর্চাও অত্যন্ত জরুরি।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, পটিয়ায় শিগগিরই একটি কারিগরি ইনস্টিটিউট স্থাপন করা হবে। যার মাধ্যমে এ অঞ্চলের তরুণরা দক্ষতা অর্জন করে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের বাইরেও চাকরির সুযোগ তৈরি করতে সক্ষম হবে।

পটিয়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অনেকেই বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। এ ছাড়া বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) সহসভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, শিক্ষাবিদ, লেখক ও গবেষক ড. শামসুদ্দিন শিশির এবং খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক দেলোয়ার হোসেন অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন।

একইসঙ্গে অধ্যক্ষ আবু তালেব বেলাল, মোহাম্মদ একরামুল হক, পৌর বিএনপির সাবেক সদস্যসচিব গাজী আবু তাহের এবং শফিকুল আলম চেয়ারম্যান অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও বৃত্তি প্রদান করা হয়। এই আনন্দঘন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।