সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পেকুয়ায় বাড়ির পুকুরে গোসলে নেমে আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ মে ২০২৬ | ৫:৫৮ অপরাহ্ন


কক্সবাজারের পেকুয়া উপজেলায় গোসলে নেমে পুকুরে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আন্নরআলী মাতবরপাড়া গ্রামের নিজ বসতবাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মেহেদী হাসান মারুফ পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আন্নরআলী মাতবরপাড়ার বাসিন্দা মিজবাহ উদ্দিন বাবুলের ছেলে। তিনি পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মেহেদী হাসান মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন। শনিবার সকালে চুল কেটে বাড়িতে এসে তিনি পুকুরে গোসল করতে নামেন। তবে তিনি সাঁতার জানতেন না। এ সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মেহেদী হাসান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পানিতে ডুবে মৃত্যুর এই ঘটনাটি দুর্ঘটনাজনিত হওয়ায় এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

ওসি মুহাম্মদ মেহেদী হাসান আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের আপত্তি না থাকায় দাফনকাজের জন্য লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, মাদ্রাসা শিক্ষার্থী মেহেদী হাসান মারুফের পুকুরে ডুবে এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।