সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

দেশে হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৫

৫৫ দিনে ৩৫২ শিশুর মৃত্যু, স্বাস্থ্য অধিদপ্তরের সতর্কতা
একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ মে ২০২৬ | ৬:৫৬ অপরাহ্ন


দেশে হাম ও এর উপসর্গে আরও নয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম শনাক্ত ও উপসর্গ দেখা দিয়েছে আরও ১ হাজার ৪৩৫ শিশুর শরীরে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মারা যাওয়া নয় শিশুর মধ্যে তিনজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এবং বাকি ছয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

দেশজুড়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন শিশুই বরিশাল বিভাগের। অন্যদিকে, সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে তিনজন ঢাকা, দুজন খুলনা এবং একজন সিলেট বিভাগের বলে জানা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৩৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪৮৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, এ নিয়ে গত ৫৫ দিনে দেশজুড়ে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫২ জনে।