সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

রাঙ্গুনিয়ায় গভীর রাতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, এক্সকাভেটরের ব্যাটারি জব্দ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১০ মে ২০২৬ | ৩:৪৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আকস্মিক অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর সেখানে পড়ে থাকতে দেখা যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে ওই এক্সকাভেটরটির ব্যাটারি জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এই অভিযান পরিচালনা করেন। এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি বিশেষ দল।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ জানান, কৃষিজমির টপসয়েল বা উপরিভাগের উর্বর মাটি এবং পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। একইসঙ্গে এই অবৈধ কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন।