
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০টি ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাত ১০টা ৫০ মিনিটের দিকে বাহারছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম ইলশা এলাকার বকশি হামিদের নতুন বাড়ির সামনের পাকা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হকের তত্ত্বাবধানে বাহারছড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ সময় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোহাম্মদ মিনার চৌধুরী প্রকাশ ইমন (২৭) ও মো. আকিব হোসেন (৩২) নামের দুজনকে আটক করা হয়। এর মধ্যে মোহাম্মদ মিনার চৌধুরী প্রকাশ ইমন উপজেলার বাহারছড়া ইউনিয়নের মৃত আলী আহম্মদের ছেলে এবং মো. আকিব হোসেন একই এলাকার নুরুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ মিনার চৌধুরী ওরফে ইমন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। এ ছাড়া তিনি বাহারছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী ও চকবাজার থানা জামায়াতের সেক্রেটারি সাদুর রশীদ চৌধুরীর ছোট ভাই। এই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের খবরে ওই এলাকায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি বিরাজ করছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।