সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

সব ইমাম-মুয়াজ্জিনকে ভাতার আওতায় আনা হবে: এমপি নুরুল আমিন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ মে ২০২৬ | ১১:৪২ পূর্বাহ্ন


চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন বলেছেন, ক্রমান্বয়ে দেশের প্রতিটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে ভাতার আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষিকার্ড বিতরণ শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের পূর্বে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। একই সঙ্গে উন্নয়নের জয়যাত্রাও শুরু হয়েছে। কৃষকদের ঋণ মওকুফ করা হয়েছে এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৩ মাসের মধ্যে অনেক উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

রোববার (১০ মে) বিকেলে মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভা ও হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য নুরুল আমিন আরও বলেন, সকলকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকতে হবে। মাদক একটি ভয়াবহ ভাইরাস। সমাজে যে ব্যক্তি মাদকের সঙ্গে জড়িত থাকবে, প্রয়োজনে তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হবে। কারণ, মাদকের কারণেই সমাজে সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটে থাকে।

তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মিরসরাইয়ে একটি গাছের ডালও কোথাও ভাঙেনি। নেতা-কর্মীদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং নেতা-কর্মীরা সেই নির্দেশনা যথাযথভাবে পালন করেছেন। তারা একটি শান্তির ও উন্নয়নের মিরসরাই গড়ে তুলতে চান বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে এবং হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ ও সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, সাবেক সদস্য সচিব কমিশনার নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন ভেন্ডার, নজরুল ইসলাম লিটন, সাইদুল ইসলাম মামুন এবং কামনার সরোয়ার্দী।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক নুরুল আফছার মিয়াজী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সদস্য হাসানুজ্জামান সানি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন ভূঁইয়া টিটু, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদ, হিঙ্গুলী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন এবং বারইয়ারহাট কলেজ ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম বাদশাসহ অন্যান্য নেতৃবৃন্দ।