সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল বললে সর্বাত্মক কর্মবিরতির হুঁশিয়ারি

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ মে ২০২৬ | ৭:৪২ অপরাহ্ন


পেশাগত মর্যাদা রক্ষা ও চাকরির সুন্দর পরিবেশ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার (ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন) ডাকে মিরসরাই উপজেলা ফারিয়ার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন। মিরসরাই, মস্তাননগর, বারইয়ারহাট ইউনিট ও উপজেলা ম্যানেজার ফোরাম একসঙ্গে এই কর্মসূচিতে অংশ নেয়।

মিরসরাই উপজেলা ফারিয়ার সভাপতি শুধাংশু শেখর শর্মার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা ফারিয়ার সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপদেষ্টা আব্দুর সাত্তার এবং সিনিয়র সহসভাপতি মো. ইব্রাহিম।

এ ছাড়া আরও বক্তব্য রাখেন উত্তর জেলা ফারিয়ার সদস্য দিদারুল আলম, মিরসরাই ইউনিটের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মস্তাননগর ইউনিটের সভাপতি জোবায়ের, সাধারণ সম্পাদক জোনায়েদ, বারইয়ারহাট ইউনিটের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, এরিয়া ম্যানেজার ফোরামের সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক সুমনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

সমাবেশ থেকে বক্তারা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভদের কাজের সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বিশেষ অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে শুধাংশু শেখর শর্মা বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও তাদের কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি ভবিষ্যতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দালাল বলে আখ্যায়িত করা হয় এবং গ্রেপ্তার করা হয়, তবে সারা বাংলাদেশে একযোগে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে তাদের দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করা হয়।