সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হাটহাজারীতে বিক্ষোভ, শুক্রবার চট্টগ্রামে কর্মসূচির ডাক

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ মে ২০২৬ | ১২:২৭ পূর্বাহ্ন


মুসলিম সংখ্যালঘুদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে পাতানো নির্বাচন-পরবর্তী ভারতে সংঘটিত সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে পরিচালিত সহিংস কর্মকাণ্ডকে মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি বলে আখ্যায়িত করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

সোমবার (১১ মে) আসরের নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার আহ্বানে পশ্চিমবঙ্গ ও আসামে মুসলিম নিধন এবং বর্বরোচিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুফতি মোহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং উপজেলার সাধারণ সম্পাদক মাওলানা এমরান সিকদার ও মাওলানা কামরুল ইসলামের যৌথ সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন হেফাজত আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।

তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এসব সহিংস কর্মকাণ্ডে উগ্রপন্থি বিজেপি সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা কোনো সভ্য, গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রব্যবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না।

পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর উসকানিমূলক বক্তব্যই মুসলমানদের ওপর হামলার প্রধান কারণ উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনে জেতার পর ওই বিজেপি নেতা বলেছেন, তাকে নাকি মুসলমানরা ভোট দেয়নি। এই মন্তব্য মুসলিমবিরোধী মনোভাব উসকে দেওয়ার পাশাপাশি হামলাকারীদের পরোক্ষভাবে উৎসাহিত করেছে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য অত্যন্ত দুঃখজনক।

হেফাজত আমির বলেন, আমরা বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাই, ভারতের মুসলমানদের ওপর চলমান নির্যাতনের ঘটনায় আনুষ্ঠানিকভাবে নিন্দা এবং কূটনৈতিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তিনি ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের জোর দাবি জানান। এ সময় তিনি এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আগামী শুক্রবার চট্টগ্রাম মহানগরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করে তা বাস্তবায়নের আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মীর মোহাম্মদ ইদ্রিস। এ ছাড়া প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজতের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী, উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ, মাওলানা মো. ঈসা ও মাওলানা জয়নাল আবেদীন। একই সঙ্গে উপজেলা যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা জমির উদ্দিন, মোরশেদ আলম, মাওলানা হাফেজ মহিউদ্দিন, আবু তাহের রাজিব, রাশেদ আলম, উপজেলা প্রচার সম্পাদক মাওলানা মাসউদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, মাওলানা ওবাইদুর রহমান এবং মাওলানা জাকারিয়া প্রমুখ সেখানে বক্তব্য প্রদান করেন।