সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

পতেঙ্গায় বিএনপি নেতার বাসায় ডিবির অভিযান, ইয়াবা উদ্ধার

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ মে ২০২৬ | ২:২৫ অপরাহ্ন


চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় রাজনীতির আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে আসার অভিযোগে জিয়াউর রহমান প্রকাশ মিয়া নামের এক বিএনপি নেতার বাসায় অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় ইয়াবাসহ একজনকে গ্রেপ্তারের পর ওই নেতাসহ তিনজনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা করা হয়েছে।

রোববার (১০ মে) রাতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপপরিদর্শক (এসআই) মাহমুদুল করিম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. শাহ আলম, ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়া এলাকার মো. পারভেজ এবং পতেঙ্গা থানার দুরিয়া পাড়ার বাসিন্দা জিয়াউর রহমান প্রকাশ মিয়া। এদের মধ্যে মো. শাহ আলমকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি দুজন পলাতক রয়েছেন।

পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৩ জুন গঠিত বিএনপির চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১ নম্বর ওয়ার্ড কমিটিতে জিয়াউর রহমান প্রকাশ মিয়াকে যুগ্ম আহ্বায়ক করা হয়। তিনি পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবছারের অনুসারী হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে, এই নেতা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নিজ বাড়িতে মজুত করে মাদক কারবারিদের কাছে তা পাইকারি মূল্যে বিক্রি করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেনের নেতৃত্বে ডবলমুরিং থানার সুপারিওয়ালা পাড়ার পারভেজ ডিজেল সার্ভিস নামের একটি ওয়ার্কশপে অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে মাদক কারবারিরা ইয়াবা কেনাবেচার জন্য অবস্থান করছিলেন।

অভিযানের সময় মো. শাহ আলমকে একটি ব্যাগভর্তি ইয়াবাসহ আটক করা হয়। তবে এ সময় মো. পারভেজসহ অন্য আসামিরা পালিয়ে যান। পরে মো. শাহ আলমের দেওয়া তথ্যের ভিত্তিতে পতেঙ্গার দুরিয়া পাড়ায় বিএনপি নেতা জিয়াউর রহমান প্রকাশ মিয়ার বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে ওই নেতার বাসার তৃতীয় তলার ড্রয়িং রুমের টি-টেবিলের নিচে টেবিল ক্যালেন্ডারের ভেতরে লুকিয়ে রাখা একটি প্যাকেট থেকে ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ৬ হাজার ২০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়ে পুলিশ পরিদর্শক মো. আফতাব হোসেন জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিসহ তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক দুই আসামির মধ্যে একজন বিএনপির পদধারী নেতা।

তিনি আরও জানান, ওই নেতার বাড়িতে ইয়াবা জব্দের সময় বিভিন্ন জায়গা থেকে তদবিরের ফোন আসছিল, তবে সব বাধা উপেক্ষা করে পুলিশ ইয়াবা জব্দ করে এবং আইনি ব্যবস্থা গ্রহণ করে।