সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে পুলিশে দিন: পটিয়ায় এমপি এনাম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ মে ২০২৬ | ৬:০৫ অপরাহ্ন


বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাস করলে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।

মঙ্গলবার দুপুরে পটিয়া উপজেলার হাইদগাঁও রাজঘাটা সেতু এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে স্থাপিত হাইড্রোলিক এলিভেটর ড্যামের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট ঘোষণা রয়েছে যে, দেশে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাস চলবে না এবং কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। এলাকার উন্নয়নকাজে কেউ বাধা প্রদান করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও জানান, উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়মও সহ্য করা হবে না। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে ধারাবাহিক উন্নয়নকাজ শুরু করেছে বলে তিনি মন্তব্য করেন।

হাইড্রোলিক এলিভেটর ড্যাম স্থাপিত হলে হাইদগাঁওসহ আশপাশের এলাকার চিত্র পুরোপুরি পাল্টে যাবে উল্লেখ করে এমপি এনাম বলেন, এর ফলে কৃষকরা ব্যাপকভাবে উপকৃত হবেন, নতুন পর্যটন স্পট ও কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ ছাড়া বৃষ্টির পানি বা অতিবৃষ্টির ফলে নিচু অঞ্চলের মানুষকে আর কষ্ট পেতে হবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলের কেউ সালিস-বিচারে অংশ নিতে পারবেন না। এমপির পরিচয়ে কেউ এলাকায় কোনো অনিয়ম করতে চাইলে তাকেও ধরে পুলিশে দেওয়ার নির্দেশ দেন তিনি। এলাকার যেকোনো সমস্যা থাকলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন এই সংসদ সদস্য।

হাইদগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজমল হোসেন জামালের সভাপতিত্বে এবং যুবদল নেতা কাজী আরিফের সঞ্চালনায় এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ও পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড পটিয়ার উপবিভাগীয় প্রকৌশলী প্রশান্ত তালুকদার, উপসহকারী প্রকৌশলী মাহবুব আলম, ঠিকাদার সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরু, সাবেক চেয়ারম্যান মফজল আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বাবর ফারুকী, বিএনপি নেতা আলী আকবর, শামসুল আলম, আবুল কাশেম, আনোয়ার হোসেন এবং জাগির হোসেন।

এ ছাড়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ওয়াহিদুল আলম পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল, সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাবলু এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়মসহ স্থানীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভার শুরুতে হাইড্রোলিক এলিভেটর ড্যাম নির্মাণকাজের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য এনামুল হক এনাম। পরে তিনি প্রকল্প এলাকার কাজের অগ্রগতি ঘুরে দেখেন।

উল্লেখ্য, ১৩৩ কোটি টাকা ব্যয়ে শ্রীমাই খালের ওপর এই হাইড্রোলিক এলিভেটর ড্যাম, ব্লক বসানো ও বাঁধ নির্মাণসহ পাঁচটি প্যাকেজের কাজ শুরু হয়েছে, যা ২০২৭ সাল পর্যন্ত চলমান থাকবে বলে জানা গেছে।