সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ ও পেকুয়া ৫০ শয্যায় উন্নীত, স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনা

এম. জিয়াবুল হক | প্রকাশিতঃ ১২ মে ২০২৬ | ৭:২৯ অপরাহ্ন


আধুনিক চিকিৎসাসেবার মানোন্নয়নে নীতিগত পরিবর্তনের আলোকে অবশেষে কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার (১২ মে) অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-০২ শাখার উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক পরিপত্রের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিপত্রের মাধ্যমে চকরিয়া ও পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বাড়িয়ে চিকিৎসাসেবার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে প্রশাসনিকভাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রশাসনিকভাবে এই অনুমোদন প্রাপ্তির মাধ্যমে দুই স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা উন্নীতকরণের মধ্য দিয়ে চকরিয়া ও পেকুয়াবাসীর সুচিকিৎসার জন্য টেকসই সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ। এতে চকরিয়া ও পেকুয়া উপজেলার জনসাধারণ সরকারি চিকিৎসাসেবা খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখতে শুরু করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, শয্যা উন্নীত এবং সরকারি সব সুযোগ-সুবিধা বর্ধিত করার এই প্রশাসনিক আদেশের ফলে হাসপাতাল দুটিতে আগের চেয়ে সেবার মান বহুগুণ বৃদ্ধি পাবে।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. জায়নুল আবেদিন জানান, স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সার্বিক সহযোগিতায় অর্থ মন্ত্রণালয়ের অনুবিভাগ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার প্রজ্ঞাপন জারি করেছে। জারি করা এই প্রজ্ঞাপনের চিঠি এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে। এরপরই চকরিয়াবাসী স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত হওয়ার সুফল পেতে শুরু করবেন।

মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে এক মাস সময় লাগতে পারে উল্লেখ করে তিনি আরও জানান, ১০০ শয্যার হাসপাতাল বাস্তবায়নের মাধ্যমে চিকিৎসক ও নার্স বাড়বে, ওষুধের বরাদ্দ বৃদ্ধি পাবে এবং এতে করে সেবাগ্রহীতারা এখন থেকে আরও উন্নত চিকিৎসাসেবা পাবেন।

অন্যদিকে, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মুজিবুর রহমান জানান, মন্ত্রণালয়ের নীতিগত সিদ্ধান্তের আলোকে অবশেষে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। এর ফলে এখন থেকে উপজেলার বাসিন্দাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব হবে।

দুই সরকারি হাসপাতালের টিএইচও ডা. জায়নুল আবেদিন ও ডা. মুজিবুর রহমান যৌথভাবে জানান, সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় এই দুই স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্য দিয়ে চকরিয়া ও পেকুয়াবাসী প্রায় ছয় লাখ মানুষের সুচিকিৎসার ক্ষেত্রে সম্ভাবনার এক নতুন দ্বার উন্মোচিত হলো।