
নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বুধবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বড় ছেলে সাবেদুর রহমান সুমু গণমাধ্যমের কাছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যরা জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। কয়েক দিন ধরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তার মৃত্যু হয়।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৪৩ সালের ১২ জানুয়ারি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ধুম গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন হয় চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে। পরে স্যার আশুতোষ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করে ১৯৬৬ সালে লাহোরের ইঞ্জিনিয়ারিং ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন তিনি।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক জীবনে তিনি সাতবার চট্টগ্রাম-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের মেয়াদে তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের অক্টোবর মাসে জুলাই অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে যান। পরে ২০২৫ সালের ১৪ আগস্ট জামিনে মুক্তি পান। পরিবারের তথ্যমতে, কারামুক্তির পর থেকেই তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।