
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এ জেলা পর্যায়ের কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সাফল্যের নজির গড়েছেন চট্টগ্রামের তরুণ কারাতে খেলোয়াড় অরণ্য চৌধুরী।
গত শুক্রবার (৮ মে) চট্টগ্রাম জিমনেশিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় +৪৫ কেজি কুমিতে অংশ নিয়ে দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেন তিনি। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করে ফাইনালে জয় নিশ্চিত করেন অরণ্য। আত্মবিশ্বাসী পারফরম্যান্স, গতিময় কৌশল ও লড়াকু মনোভাব দিয়ে শুরু থেকেই দর্শকদের নজর কাড়েন এই তরুণ কারাতেকা।
অরণ্য চৌধুরী চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাজী মুহাম্মদ মহসিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং কারাতে প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ক্লাব’-এর একজন প্রশিক্ষণার্থী। তার বাবা দীপঙ্কর কিশোর চৌধুরী চট্টগ্রামের জামালখান এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, নিয়মিত অনুশীলন ও কোচের সঠিক দিকনির্দেশনায় তার এই সাফল্য এসেছে।
চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করে অরণ্য চৌধুরী জানান, কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং কোচের সহযোগিতার কারণেই তার এই অর্জন সম্ভব হয়েছে। সামনে জাতীয় পর্যায়ে আরও ভালো করার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চান তিনি।
এই তরুণ কারাতেকা এখন আগামী ১৭ মে অনুষ্ঠিতব্য আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রামের জেলা ক্রীড়া কর্মকর্তারা অরণ্যের হাতে চ্যাম্পিয়নস মেডেল তুলে দেন। তার এই অনন্য অর্জনে পরিবার, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।