সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

৮ কোটি টাকা ব্যয়ে পটিয়ায় মিনি স্টেডিয়াম, উদ্বোধনে আসছেন প্রতিমন্ত্রী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ মে ২০২৬ | ৭:০৯ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। বৃহস্পতিবার (১৪ মে) বিদেশ থেকে দেশে ফেরার পর তার এই সফরসূচি নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পটিয়া মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের উদ্বোধন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনামের বুধবার (১৩ মে) করার কথা ছিল। তবে বিশেষ কারণে পরে সেটি স্থগিত করা হয়।

প্রতিমন্ত্রীর আগমন প্রসঙ্গে পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মঈনুল আলম ছোটন জানান, রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হকের পটিয়া সফরের সময়সূচি এখনো নির্ধারিত হয়নি। তবে অল্প কয়েক দিনের মধ্যেই সফরসূচি চূড়ান্ত হলে তিনি এই মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া জলুয়ারদিঘী পাড় এলাকায় দুই একর জমির ওপর আট কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ পুরোদমে এগিয়ে চলছে। স্টেডিয়াম নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এ বিষয়ে ক্রীড়া সংগঠক অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক জানান, মিনি স্টেডিয়ামের নির্মাণকাজ সম্পন্ন হলে পটিয়ার ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। এটি খেলাধুলার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি আরও জানান, বর্ষাকালে খেলাধুলায় যে বিঘ্ন সৃষ্টি হতো, স্টেডিয়ামটি নির্মিত হলে তা আর হবে না।