সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ফটিকছড়িতে মাথাবিহীন লাশের পর এবার মিলল মাথার খুলি

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ মে ২০২৬ | ৭:৫৭ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সপ্তাহের ব্যবধানে একটি মাথাবিহীন লাশের পর এবার একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি টিলার খাদ থেকে খুলিটি উদ্ধার করা হয়।

এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার আরেকটি টিলা থেকে অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছিল পুলিশ।

একই এলাকার দুটি টিলায় কাছাকাছি দূরত্বে এসব উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান।

কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বুঝতে পেরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তিনি দ্রুত পাশের দোকানদার আজমকে বিষয়টি জানান। পরে আজম পুলিশকে খবর দেন।

ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে খুলিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধার হওয়া খুলিটি কয়েকদিন আগে পাওয়া মাথাবিহীন মরদেহের অংশ।

তবে বিষয়টি নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে উল্লেখ করে তিনি আরও জানান, ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

গত শনিবার বিকালে পাইন্দং ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলায় বনমোরগ শিকারে গিয়ে স্থানীয় কয়েকজন শিশু একটি মাথাবিহীন মরদেহ দেখতে পায়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ওই মরদেহটি উদ্ধার করেছিল।