
ওমানে মর্মান্তিকভাবে নিহত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার সহোদরের পরিবারের খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেছেন ডা. এটিএম রেজাউল করিম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন তিনি।
শুক্রবার বিকালে উপজেলার লালানগর ইউনিয়নের বান্দারাজার পাড়া এলাকায় ওই শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ডা. রেজাউল।
এর আগে স্থানীয় বান্দারাজার পাড়া জামে মসজিদে আসরের নামাজ শেষে তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
পরে তিনি নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
একই পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেন এই জামায়াত নেতা।
এই কঠিন সময়ে তিনি ও তার দল শোকাহত পরিবারের পাশে থাকবে বলে আশ্বাস দেন। পাশাপাশি এই পরিবারের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে স্থানীয়দের প্রতিও আহ্বান জানান তিনি।
এ সময় জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলা শাখার নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ওমানে এক মর্মান্তিক ঘটনায় রাঙ্গুনিয়ার বান্দারাজার পাড়া এলাকার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়। তাদের এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোক ও বেদনার সৃষ্টি হয়েছে।