সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মাটিরাঙ্গায় রাস্তার পাশের পুরোনো গাছ কাটার অভিযোগ

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৫ মে ২০২৬ | ৮:০৬ অপরাহ্ন


খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ডাক্তার পাড়া এলাকায় রাস্তার পাশের বহু বছরের পুরোনো কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, সম্প্রতি ওই এলাকার বৌদ্ধমন্দিরের সীমানাপ্রাচীর সংলগ্ন রাস্তার পূর্ব পাশে সরকারি জায়গায় থাকা ৮ থেকে ১০টি মেহগনি ও রেইনট্রি গাছ কেটে ফেলা হয়েছে।

এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ বাঁকযুক্ত ওই সড়কে গাছগুলো দীর্ঘদিন ধরে দুর্ঘটনা প্রতিরোধে প্রাকৃতিক সুরক্ষাকবচ হিসেবে কাজ করছিল। গাছগুলো কেটে ফেলায় সড়কটি এখন আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, আর্থিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে একটি অসাধু চক্র এই গাছগুলো কেটেছে।

এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ফরিদ মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল এবং সেখানে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে।

তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।

তবে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রতীতি পিয়া জানিয়েছেন, কোনো ব্যবস্থা নেওয়ার আগে তিনি এ বিষয়ে প্রকাশিত সংবাদ বা তথ্য দেখতে চান।

তিনি বলেন, “এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত কোনো খবর থাকলে আমাকে শেয়ার করেন, আমি কাজ করব।”

স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি জায়গায় এবং ঝুঁকিপূর্ণ সড়কের পাশে এভাবে পুরোনো গাছ কাটা সম্পূর্ণ বেআইনি ও পরিবেশবিধ্বংসী কাজ।

এতে জীববৈচিত্র্যের মারাত্মক ক্ষতি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে উল্লেখ করে তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।