
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজনের শরীরে হাম শনাক্ত হয়েছিল এবং বাকি আটজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে নতুন করে এক হাজার ১৯২ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১১১ জন শিশুর শরীরে।
হাম শনাক্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের একজন করে রয়েছে।
অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া আট শিশুর মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিনজন করে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের একজন করে শিশু রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে দেশে মোট ৩৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৭৪ শিশু। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।
সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ৫৫ হাজার ৬১১ জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ হাজার ১৭৬ জন শিশু। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ হাজার ৫৫ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে সারা দেশে মোট সাত হাজার ৪১৬ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে বলেও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।